রামদা হাতের শ্রমিকলীগ নেতাকে হেফাজতকর্মী বলে চালিয়ে দেওয়ার গুজব
সম্প্রতি হেফাজতের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফেসবুকে রামদা হাতে দৌড়ানো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে হেফাজতে ইসলামের কর্মী বলে প্রচার করা হচ্ছে। ছবিটি দেখেও মনে হয় সাম্প্রতিককালের।
বলা হচ্ছে, ছবিটিতে রামদা হাতের ব্যক্তিটি হেফাজতে ইসলামের কর্মী। গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের সহিংসতায় তিনি এভাবেই রামদা নয়ে অ্যাকশনে ছিলেন।
গত ২৯ মার্চ ‘ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সমর্থক গোষ্ঠী’ নামের গ্রুপে ছবিসহ একটি পোস্ট করা হয়। সেখান থেকেই পোস্টটি ভাইরাল হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বিডির দৃষ্টিগোচর হওয়ায় তারা এটির সত্যতা নিয়ে একটি পোস্ট করেন।
তারা বলেছে, ছবিটি পুরনো এবং ছবির ব্যক্তিটি হেফাজতে ইসলামের কেউ নন। রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, পাঞ্জাবি পরিহিত ব্যক্তির ছবিটি প্রথম প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর একটি খবরে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর ‘পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, অস্ত্র নিয়ে মহড়া’ শিরোনামে এক খবরে উক্ত ছবিটি প্রকাশিত হয়।
উক্ত প্রতিবেদনে ছবিটির ক্যাপশনে বলা হয়, ‘সংঘর্ষের সময় রাম–দা নিয়ে ধাওয়া দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া থানার পাশে’। অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে প্রকাশিত শ্রমিক লীগ নেতার ছবিকে হেফাজত কর্মীর বলে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে।
বার্তাবাজার/এসজে