বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পাকিস্তানি মদদপুষ্টদের সরাসরি অর্থায়নে হেফাজতে ইসলাম হরতালের নামে তাণ্ডব চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য। তাদেরকে রুখতে জেলা ও উপজেলায় নির্দেশনা দেওয়া আছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৯ মার্চ) নিজের জেলা যশোরের বকুলতলা এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন ।
লেখক বলেন, দেশে যেখানেই অরজাকতা চালাবে সেখানেই ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আজকে যখন সারাবিশ্ব থেকে সরকার প্রধানরা বাংলাদেশে আসছে, ১০ দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর উৎসবকে ভণ্ডুল করতে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে হেফাজতিরা উঠেপড়ে লেগেছে। আমরা ছাত্র ও তরুণ সমাজ আসলেই খুব হতাশ।
লেখক ভট্টচার্য বলেন, একটি অগোছালো অবস্থায় ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলাম। এরপর করোনার কারণে সবকিছু থমকে যায়। কিন্তু ছাত্রলীগ বসে থাকেনি, মানবিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে