নোয়াখালীর পৌর এলাকার কাশিপুরে মোহাম্মদ আলী মনু (৩২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। নিহতের পরিবারের মতে, জমি সংক্রান্ত বিরোধে তার চাচা ইকবাল হোসেন নিজের লোকজন দিয়ে এই কাজ করিয়েছে।
সোমবার (২৯ মার্চ) দিনগত রাত ৯টার দিকে কাশিপুরের দত্তবাড়ি মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনু একই এলাকার মরহুম আকবর আলীর ছেল। তিনি পৌর যুবলীগের সক্রিয় একজন কর্মী ছিলেন।
নিহত মনুর ভাই আহমেদ আলী বলেন, তার চাচা ইকবাল হোসেন ও তার সহযোগি শাহাদাত হোসেন এবং লিটন দাস’সহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে লিটনের লেপ দোকানে নিয়ে আসে। এসময় তারা মনুকে আটকে রেখে লোহার রড় ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ১নং ওয়ার্ডে ভর্তি করার পর মারা যায় মনু।
মনুর মা শাহিদা বেগম বলেন, ইকবালদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলে মনুকে মসজিদ থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করেছে ইকবাল ও তার সন্ত্রাসীরা। আমি ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে