দিনে ১১৪ জনকে হত্যা, রাতে পার্টিতে ব্যস্ত মিয়ানমার জেনারেলরা
মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে শনিবার শতাধিক মানুষের বেশি মানুষ প্রাণ হারান। আর সেদিন রাতেই পার্টি দেন দেশটির সামরিক অভুত্থানের নেতা মিন অং হ্লাইং ও তার জেনারেলরা। সংবাদমাধ্যম বিবিসি বলছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাতে সেই বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়েছিল।
গত মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেতা অং সান সু চিকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর শনিবারই সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি। সেদিন মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার নাও। শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের ১২টি দেশের প্রতিরক্ষামন্ত্রী।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ত্রাসের রাজত্ব করেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নোবেলজয়ী রাষ্ট্রনেতা অং সান সুচি ও তার দলের বেশ কয়েকজনকে। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
বার্তাবাজার/পি