পুলিশ আমাকে লাঞ্ছিত করেছে, আমার সম্মানে আঘাত লেগেছে

পুলিশ আমাকে লাঞ্ছিত করেছে, আমার সম্মানে আঘাত লেগেছে বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জে রাজনীতিতে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের বর্ণনা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সোমবার(২৯ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে কাদের মির্জা স্বাক্ষরিত বসুরহাট পৌরসভার প্যাডে গণমাধ্যম কর্মীদের কাছে এ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,, রোববার বিকাল ৩টায় করোনার সময়ে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর এলাকায় করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশেষ অবদান রাখায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিমসহ ৪ জন মাঠ পর্যায়ের কর্মীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে পৌরসভা কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়। কিন্তু তাকে পৌর কার্যালয়ে ঢুকতে বাধা দেয় পুলিশ কর্মকর্তারা। আমি ডা. সেলিমকে পৌরসভা কার্যালয়ে আসতে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করি। আমার অনুরোধ উপেক্ষা করে ডা. মো. সেলিমকে প্রবেশ করতে দেয়নি এবং উল্টো তারা আমাকে লাঞ্ছিত করেন।

তিনি বলেন, সোমবার আমার দলের গ্রেফতারকৃত ৩ জন কর্মীকে কোর্টে জামিন শুনানিতে উপস্থিত করার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তাদেরকে কোর্টে হাজির করা হয়নি। বর্তমানে জেলে আমাদের ৯ জন নিরীহ নেতাকর্মী আছেন। তাদের ওপর জেলে অনেক অত্যাচার করা হচ্ছে। তাদের আত্মীয় স্বজন ও দলীয় লোকজন দেখা করতে গেলে তাদেরকে দেখা করতে দেয়া হয় না। অথচ প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের পক্ষের গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দেখতে গেলে তাদেরকে ভিআইপি হিসাবে দেখা করতে দেয়া হয়।

কাদের মির্জা বলেন, ৯ মার্চ এর সন্ত্রাসী হামলায় আহত হয়ে আমার পাঁচজন নেতাকর্মী নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। সিভিল সার্জন নোয়াখালীকে অনেক অনুরোধ করার পরও তাদের সুচিকিৎসা করা হয়নি। বর্তমানে তারা ঢাকা ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, আমি পৌরসভার একজন নির্বাচিত মেয়র হিসাবে আমার সম্মানে আঘাত লেগেছে। আমি শুধু বলব- যারা এসব ঘটনা ও অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিচার জনতার আদালত এবং আল্লাহর আদালতে একদিন হবে ইনশাআল্লাহ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর