গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় একজনের মাথা এবং বাকি দুজন হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়। দুপুরে জেলা শহরে সদর মেট্রো থানা বিএনপির বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আবদুস সালাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে জয়দেবপুরের কাজী আজিমউদ্দিন কলেজ এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বের করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দূর থেকেই এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে মেট্রো সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ জয় মাথায়, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিফাত পায়ে ও যুবদল নেতা সাইদুর হাতে গুলিবিদ্ধ হয়। এছাড়াও পুলিশের গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় আরো কয়েকজন আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিকেলে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান এবং সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গুলির বিষয়ে তাদের কিছুই জানা নেই।
বার্তা বাজার/এস.আর