মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল।
তিনি বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।’
এদিকে দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং আপাতত অন্তত দুই সপ্তাহ বলবৎ থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম