জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত রায়পুরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে
জনবল সংকটের কারণে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্স এর স্বাস্হ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চরাঞ্চলসহ উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৮ বছর আগে ২০১২ সালে নভেম্বর মাসে রায়পুরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ৩১ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। কিন্তু বর্তমানে ৩১ শয্যার জনবলও এখানে নেই।
হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। তাই চিকিৎসা নিতে আসা রোগীরা দূর্ভোগ পোহাচ্ছে।
জানা যায়, একটি পৌরসভা, ২৪ টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এই উপজেলার স্বল্প আয়ের মানুষেরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে স্বাস্হ্য সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৫জন চিকিৎসকের মঞ্জুরীকৃত পদ রয়েছে। এর মধ্যে ১৮ পদ শূন্য। অন্যত্র সংযুক্তি দেওয়া হয়েছে ৯ জনকে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক রয়েছেন মাত্র ৮ জন। ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে গাইনী এন্ড অবস্, শিশু বিশেষজ্ঞ, সার্জারী ও এনেসথেসিয়া এই চারটি পদই শূন্য। তত্তাবধায়ক নার্সের ২টি পদের মধ্যে ২টিই শূন্য।
জরুরী বিভাগে ওয়ার্ড বয় ছাড়াই চলছে কার্যক্রম। ওয়ার্ড বয়ের ৫টি পদই রয়েছে শূন্য। বহির্বিভাগে ফার্মেসীতে রোগীদের ভোগান্তি হতে দেখা যায়। তাদের ঔষধ বিতরণে রয়েছে ১ জন ফার্মাসিস্ট। ১ জন ফার্মাসিস্টকে স্টোর কিপারের দায়িত্ব দেয়া আছে। পরিষ্কার পরিছন্নতার জন্য রয়েছে মাত্র ২জন সুইপার ও ১জন আয়া।
রায়পুরা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বার্তা বাজারকে বলেন, জনবল সংকটের বিষয়টি আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি অচিরেই ডাক্তার ও জনবল পাওয়া যাবে।
এ বিষয়ে নরসিংদী সিভিল সার্জন ডা. মো নুরুল ইসলাম বার্তা বাজারকে বলেন, আমরা চিকিৎসকসহ জনবল পূরণের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছি। জনবল নিয়োগ প্রক্রিয়াধীন আছে। আশা করছি শীঘ্রই জনবল নিয়োগ হবে।
রেজাউল করিম/বার্তাবাজার/হৃ.আর