অধিক সংক্রমিত এলাকা আংশিক লকডাউনের প্রস্তাব

করোনায় অধিক সংক্রমণ প্রবণ এলাকাকে আংশিক লকডাউনের আওতায় আনতে সরকারকে প্রস্তাব করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৯ মার্চ) রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে হাসপাতাল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন জুমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ২৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশ। আর এখন সেটি হয়ে গেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনার মধ্যে রয়েছে- ১) যেসব এলাকায় এখন সংক্রমণের হার বেশি সে এলাকাগুলিতে সম্ভব হলে আংশিক লক ডাউন করা, ২) সকল যানবাহন, বাস, ৩)স্টিমারে যাত্রী অর্ধেক বা তার থেকে কম রাখা, ৪) অফিস আদালতে কম আসা যাওয়া করা, ৫) মুখে মাস্ক ছাড়া কোনো সার্ভিস ব্যবস্থা না রাখা, ৬) বিনোদন কেন্দ্রগুলি বন্ধ রাখা, ৭) পিকনিক, ওয়াজ-মাহফিল বন্ধ রাখা, ৮) বিয়ে-সাদির অনুষ্ঠান সীমিত করা, ৯) কোয়ারান্টাইন ব্যাবস্থা জোরদার করা, মোবাইল কোর্ট বাড়িয়ে দিয়ে জরিমানা ব্যবস্থা জোরদার করাসহ আরো বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট একটি অন্যতম চিকিৎসাকেন্দ্র, এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আরো গতিশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, এই ভবনটিকে ৪ তলা থেকে ৮ তলা বিশিষ্ট করা ও ৪১৪ টি বেড থেকে এখন ১ হাজার ২৫০ বেডে বৃদ্ধি করতে পারায় দেশের অসহায় বহু রোগী চিকিৎসা সেবা পাবে।

দেশের ৮ বিভাগে ৮ বিশেষ হাসপাতাল নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এই ৮ হাসপাতাল নির্মাণের পর দেশে হৃদরোগ চিকিৎসার জন্য আরো অন্তত ১ হাজার ৪০০ বেড বৃদ্ধি পাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর