গান্ধী পুরস্কার দিয়ে বঙ্গবন্ধুকে উপহাস করার অধিকার মোদির নেই: জাফরুল্লাহ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকারের দেওয়া গান্ধী শান্তি পুরস্কার তার ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন।

গান্ধী শান্তি পুরস্কার দিয়ে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সঙ্গে উপহাস করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, গান্ধী শান্তি পুরস্কার দিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে উপহাস করার অধিকার নরেন্দ্র মোদির নেই।

সোমবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত কণ্ঠরোধ হত্যা এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও সংহতি সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, একজন জীবিত ব্যক্তির বিগত ১০ বছরের কাজকর্ম বিবেচনা করে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধুর বিয়োগান্ত মৃত্যুর ৪৬ বছর পর তাকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হল। বঙ্গবন্ধুর সঙ্গে এমন প্রহসনের মানে কী? বঙ্গবন্ধুর সঙ্গে ওমানের বাদশাকেও গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে কোথায় নামিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই পুরস্কার দিয়ে আরও একবার বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। গান্ধী শান্তি পুরস্কার দিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে উপহাস করার অধিকার নরেন্দ্র মোদির নেই। ওমানের বাদশার সঙ্গে বঙ্গবন্ধুর তুলনা অত্যন্ত লজ্জা এবং ন্যক্কারজনক। এই গান্ধী শান্তি পুরস্কার ড. মুহাম্মদ ইউনুস আজ থেকে ২১ বছর আগে পেয়েছেন।

এ সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, গণফোরামের রেজা কিবরিয়া, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর