অপরিকল্পিত পুকুর খনন বন্ধে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুশিয়ারি!

রাজশাহী জুড়ে চলছে অবৈধ পুকুর খনন। বিশেষ করে জেলার চারঘাট ও বাঘা উপজেলার বিলগুলোয় চলছে এ কর্মকাণ্ড। এতে জমি হারিয়ে পথে বসছে হাজারো ক্ষুদ্র কৃষক। বন্ধ হচ্ছে বিলের পানি নিষ্কাশন নালা। ফলে বর্ষায় জলাবদ্ধতায় ব্যহত হচ্ছে চাষাবাদ। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার এই দুই উপজেলায় খনন হচ্ছে প্রায় শতাধিক পুকুর।

মাঠ পর্যায়ের প্রশাসনের নিষ্ক্রিয়তায় রাতদিন সমান তালে চলছে এ কাজ। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জেলার অন্য উপজেলা গুলোতে কৌশলে চলছে পুকুর খনন।

এক সময় যে মাঠ জুড়ে চাষ হতো ধান, গমসহ বিভিন্ন ফসল। চোখ মেললে যেখানে সবুজের সমারোহে মনটা ভরে উঠতো। আজ সেই সবুজের বুক চিড়ে খনন করা হচ্ছে অবৈধ পুকুর। দেখার যেন কেউ নেই। গত কয়েক মাস ধরে তিনফসলা জমিতে চলছে অবৈধ পুকুর খনন।

মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাকালেই শুধু পুকুর আর পুকুর। এভাবে চলতে থাকলে গোটা চারঘাট-বাঘা এক সময় চরম সংকটের মধ্যে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই উপজেলার একাধিক ব্যক্তি বার্তা বাজারকে জানান, প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসন যখন ব্যস্ত, ঠিক তখন প্রশাসনের ব্যস্ততাকে পুজি করে এক শ্রেণীর প্রভাবশালীরা রাত দিন চালাচ্ছেন অবৈধ পুকুর খনন। বিভিন্ন মাঠে আম বাগান, ধানের জমি, গমের জমিসহ উর্বর জমি নষ্ট করে অধিক মুনাফার আশায় করছেন পুকুর খনন।

সাময়িক ভাবে পুকুর খননের সুফল পেলেও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে গোটা উপজেলা। তাই দ্রুত এসব অবৈধ পুকুর খননকারীদের চিহিৃত করে তালিকা তৈরীর মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। নইলে চারঘাট-বাঘা এক সময় পুকুরের জন্য বিখ্যাত বলে পরিচিত পাবে।

অবৈধ পুকুর খনন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহারিয়ার আলম বার্তা বাজারকে বলেন, আমি ইতিপূর্বে আইন-শৃঙ্খলা মিটিংয়ের অপরিকল্পিত পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছি তার পরেও আমার কাছে একাধিক খুদে বার্তার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ জানিয়েছে।

দুই উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খননের বিষয়ে যারা জড়িত আছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রশাসনের ব্যক্তিদের গাফালতি থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করাও ভূমিদস্যুদের শামিল। কে কোন দল করে বা কার কি পরিচয় সেটা দেখান প্রয়োজন নেই আইনের মাপকাঠিতে সবাই সমান বলে জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর