এই রক্তের ঋণ সরকারকেই শোধ করতে হবে: ফখরুল

গত ৩ দিনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামে সাধারণ মানুষের প্রাণ যাওয়ায় সরকারের প্রতি দোষারোপ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্য এই সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে এবং এই রক্তের ঋণ শোধ করতে হবে।

সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এই সরকার স্বাধীনতা দিবসের দিনে, ৫০ বছর পূর্তির দিনে সারা বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের রক্ত জরিয়েছে। গত তিন দিনে ব্রাক্ষণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামে সাধারণ মানুষের যে প্রাণ গেল এর জন্য এই সরকার সম্পূর্ণভাবে দায়ী।

তিনি বলেন, এই সরকার খুব পরিকল্পিতভাবে অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষের যে আশা-ভরশা তা শেষ করে দিয়েছে। পরিকল্পিতভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে।

আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এইভাবে কখনো একটি দেশ চলতে পারে না। স্বাধীনতার ৫০ বছর পরে জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে কখনোই এই আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই চলে যেতে হবে৷

ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আওয়ামী লীগকে বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় প্রতিটি বিকৃত সরকারকে যেভাবে পদত্যাগ করতে হয়েছে, আপনাদেরকে একইভাবে বিদায় নিতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর