পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বাংলাদেশ সফরে এসে ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ভোট টানার জন্যে মোদির ভাষণ এবং অভিসন্ধি নিয়ে মমতা বলেন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী আইনের উর্ধ্বে নন। বাংলাদেশে সফরে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বিজেপির হয়ে প্রচার চালিয়েছেন।
তিনি আরও বলেন, অবিলম্বে তার ভিসা ও পাসপোর্ট বাতিল করা হোক। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগের সিদ্ধান্তও নিয়েছেন মমতা।
বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ উদাহরণ টেনে মমতা বলেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনে ফেরদৌস তৃণমূলের প্রচারে অংশ নিয়েছিল। এ কারণে ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিল যেন ফেরদৌসের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। এরপর বাংলাদেশ সরকার ফেরদৌসের পাসপোর্ট ও ভিসা বাতিল করেছিল। এবার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তা হবেনা কেন?
মমতা বলেন, ফেরদৌস যখন তৃণমূলের রোডশোতে অংশ নিয়েছিল তখন সে নিয়মিত টালিগঞ্জে কাজ করে। কিন্তু অন্য দেশে ভোট প্রচারের অপরাধে তাকে শাস্তি পেতে হয়। এবার বাংলাদেশ সফরে গিয়ে একই কাজ করেছেন মোদি। তাহলে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
তিনি আরও জানান, বাংলাদেশে থাকাকালীন নরেন্দ্র মোদি কূটনৈতিক শিষ্টাচার মেনে একটি কথাও বলেননি। এবার মোদির শাস্তি কামনা করছেন তিনি।
বার্তাবাজার/নব