দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে।
সোমবার (২৯ মার্চ) সকাল ১০ টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে ঢাকার দুই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সিনিয়র যুগ্ম-সম্পাদক হাবীবুর রশীদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
এর আগে শনিবার (২৭ মার্চ) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে অনলাইন বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে দু’দিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তাবাজার/এসজে