পকেটে তসবির পরিবর্তে যারা পাথর ইট আর হাতুড়ি নিয়ে জাতীয় মসজিদে প্রবেশ করে তারা ইসলামের হেফাজতকারি হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
রোববার (২৮ মার্চ) রাতে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে জেলার আলাউদ্দিন হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার -৩ আসনের এমপি নেছার আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শফিউল ইসলাম নাদেল, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান প্রমুখ।
জাহাঙ্গীর কবির নানক হেফাজত ইসলামের সমালোচনা করে বলেন, পাকিস্তানি গোয়েন্দাদের আচর এখনও বন্ধ হয়নি। কাজেই এই সুযোগে আমাদের সবাইকে মসজিদে যেতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আর অপবিত্র করতে দেয়া হবে না।
নানক আরও বলেন, জনৈক এক হেফাজত নেতা সেই দিন বলেছিল ২৬ মার্চ কিয়ামত হয়ে যাবে। আমরাও অপেক্ষায় ছিলাম কি কেয়ামত হয় দেখতে। দেশে কোন কিয়ামত ঘটাতে পারেনি। কিছু ঘটনা ঘটিয়েছেন। দুর্ঘটনা ও নাশকতা ঘটিয়েছেন।
তিনি বলেন, আজও ব্রাহ্মণবাড়িয়াতে ঘটনা ঘটিয়েছেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, মসজিদে যেতে হবে। মাদ্রাসাকে নাগালের বাইরে ছেড়ে দিলে চলবে না। মাদ্রাসায় গিয়ে সখ্যতা বাড়াতে হবে। মাদ্রাসার অবুঝ শিশুদের বুজাতে হবে।
বার্তাবাজার/এসজে