সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করেছে পিবিআই।
এ তথ্য নিশ্চিত করে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বলেন, আগামী বুধবারের (৩১ মার্চ) মধ্যে যেকোনো দিন অভিযোগপত্রটি (চার্জশিট) সংশ্লিষ্ট আদালতে জমা দেয়া হবে।
তিনি আরও জানান, চার্জশিট দাখিলের আগে সংবাদ সম্মেলন করে পুরো তদন্ত কার্যক্রম ও আসামিদের ব্যাপারে অবগত করা হবে।
এব্যাপারে মুহাম্মদ খালেদ-উজ-জামান চার্জশিটে কাদেরকে বা কতজনকে আসামি করা হচ্ছে কিছু জানাতে চাননি। তবে একটি সূত্র জানিয়েছে, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়া, বরখাস্ত হওয়া টুআইসি উপ-পরিদর্শক (এসআই) হাসান আলীসহ পাঁচ পুলিশ সদস্য ও একজন গণমাধ্যমকর্মীকে অভিযুক্ত করে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
সূত্র জানায়, পিবিআই গত ১০ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর বিচারক হাকিম মো. আব্দুল মুমিনের আদালতে রায়হান আহমদ হত্যা মামলার তদন্তের সময় বর্ধিত করার জন্য আবেদন করে। ১৪ ফেব্রুয়ারি আবেদনের শুনানির পর আদালত ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করেন। এরপর কর্মকর্তারা রায়হান হত্যা মামলার সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগপত্র চূড়ান্ত করার কাজ শুরু করেন তদন্তকারী কর্তৃপক্ষ পিবিআই।
ওই সূত্র আরও জানায়, অভিযোগপত্রটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়ে গেছে। এখন পিবিআই আইনি কোনো ফাঁকফোকড় রয়ে গেছে কি-না তা খতিয়ে দেখছেন। আগামী বুধবারের মধ্যে যেকোনো দিন আদালতে এই অভিযোগপত্র জমা দেয়া হবে বলে জানান পিবিআই।
বার্তাবাজার/কা.হা