বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভে হতাহতের ঘটনায় হাটহাজারীতে রাস্তার ওপর তৈরি করা দেয়াল দেওয়ার ৪৮ ঘন্টা পর সরানো হয়েছে। গত ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে হেফাজত ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ দেয়াল তৈরি করে ব্যারিকেড দেয়।
হেফাজত ইসলামের কর্মীরা রোববার ( ২৮ মার্চ) রাতে স্বেচ্ছায় এ ব্যারিকেড সরিয়ে নেয়।
হেফাজত ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস এ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ব্যারিকেড সরানো হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে। রাতের মধ্যে এখানের যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বলেন, প্রশাসন কাজ করছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আশা করছি রাতের মধ্যেই হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
বার্তাবাজার/এ.আর