হেফাজতে ইসলামের ডাকা একদিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকাল থেকে আরও ২৪ ঘন্টা হরতাল বাড়ানোর একটি খবর ছড়িয়ে পড়ে। হেফাজতের ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবীবকে উদ্ধৃত করে মূলধারার কয়েকটি গণমাধ্যমেও এ খবর দেওয়া হয়। কিন্তু এটিকে গুজব বলে জানিয়েছেন হেফাজত নেতারা।
রোববার বিকালে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী হরতাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় হরতালের সময় না বাড়িয়ে সোমবার দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল ঘোষণা করেন তিনি।
হেফাজত মহাসচিব বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ওইদিন সাধারণ মানুষের আন্দোলনে প্রশাসন গুলি চালিয়েছে। যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছিল।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদ ও হেফাজতের প্রতিবাদ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় রোববার হরতাল ডাকে হেফাজতে ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি পালনকালেও প্রাণহানি ঘটেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম