সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও পবিত্র জুম্মার দিনে বায়তুল মোকাররম মসজিদসহ সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী হামলা, ভাংচুর ও নাশকতার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) বিকালে সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি সাম্প্রদায়িক অপশক্তির সকল সদস্যদেরকে এলাকায় এলাকায় চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর লালন টাওয়ার থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে হেমায়েতপুর ওভারব্রিজের নিচে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মানুষের মঞ্জুরুল আলম রাজীবের সার্বিক সহযোগিতায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী হামলা, ভাংচুর ও নাশকতার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা জানিয়ে দিতে চাই, এদেশে সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী হামলা, ভাংচুর ও নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর এর সকল নেতাকর্মী এসব কঠিনভাবে প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, আবুল হোসেন ও আব্দুর রউফ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলি মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর