ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যা

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রংপুরের পীরগাছায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৮ মার্চ) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটে নুর আলমকে আটক করেছে পুলিশ। নুর আলম ওই এলাকার ভোলা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের ভাতিজি ও স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন নুর আলম। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে মিজানুর রহমান নুর আলমকে উত্ত্যক্ত করতে বারণ করেন। এতে নুর আলম ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এরই জের ধরে শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান বাড়িতে ফেরার সময় নুর আলম ও তার সহযোগীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটে নুর আলমকে রোববার বিকাল ৪টার দিকে আটক করেছে পুলিশ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ ঘটনায় বখাটে নুর আলমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রকি আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর