গোলাপগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় ৪ জন পুলিশ ও বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। বিএনপির আহত ৬ নেতাকর্মী হলেন-নুরুজ্জামান জুবেল, আশরাফুল মুবিন মাহফুজ, নাছির আহমদ, আলী হোসেন, আব্দুর রহমান, আবেদ আহমদ।
জানা যায়, রোববার বাদ আছর বিএনপির নেতাকর্মীরা হেফাজতের হরতালের সমর্থনে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে জড়ো হন। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৪জন পুলিশ সদস্য ও বিএনপির ৫/৬ জন নেতাকর্মী আহত হন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির নেতাকর্মীরা হেফাজতের কর্মসূচীকে সমর্থন করে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল কিন্তু পুলিশ তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের ৬জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তারা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বার্তা বাজারকে বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের প্রতিহত করে।
এতে ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুইজন সদস্যের আহত গুরুতর হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান।
ফাহিম আহমদ/বার্তাবাজার/হৃ.আর