পোশাক শ্রমিকদের জন্য চালু হলো হেল্প লাইন

দেশের ইপিজেড গুলোতে শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন (১৬১২৮) সেবা চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা উদ্বোধন করা হয়। একযোগে আটটি ইপিজেডে হেল্পলাইন সেবা চালু হলো।

অনুষ্ঠান থেকে জানানো হয়, শ্রমিকরা তাদের যেকোনো অভিযোগ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন। শ্রমিকের কাছ থেকে পাওয়া অভিযোগ শিল্প সম্পর্কিত বিভাগকে জানানো হবে। অভিযোগ পরীক্ষা করে সর্বোচ্চ সাত দিনের মধ্যে তদন্ত করে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে এবং অভিযোগরীকে আপডেট তথ্য জানানো হবে। শিল্প সম্পর্কে প্রতিমাসে প্রাপ্ত অভিযোগ এবং নিষ্পত্তির বিষয়ে একটি প্রতিবেদন বেপজার নির্বাহী দফতরে প্রেরণ করা হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবম ড. মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মইনুল কবির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনি তেরিংক, বাংলাদেশে নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর তোমো পাউটিনেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেজা ও বিডার প্রতিনিধি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর