রংপুরের পীরগঞ্জে জমিতে অগভীর নলকূপের পানি নেয়াকে কেন্দ্র করে কৃষকের বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে লাঞ্চিত করে ৮টি গরু লুটে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা। রোববার (২৮ মার্চ) দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষকের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চককৃষ্ণপুর গ্রামের মৃত সমেশ উদ্দিনের পুত্র ছফির উদ্দিন (৫৭) গ্রাম সংলগ্ন ধানের জমিতে অগভীর নলকূপ বসিয়ে পানি সেচ দিত। ঐ অগভীর নলকূপ হতে রাতের অন্ধকারে প্রায়ই পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া (ফকিপাড়া) গ্রামের মৃত আফছার আলীর পুত্র আকমল হোসেন (৫০) ও একই গ্রামের মৃত ওয়াহাব মিয়ার পুত্র আব্দুল ওয়াহেদ আলী (৫৫) চুরি করে অগভীর নলকূপ চালিয়ে তাদের নিজ জমিতে পানি সেচ দিত।
শনিবার গভীর রাতে ছফির উদ্দিন হাতেনাতে আকমল হোসেন ও আব্দুল ওয়াহেদ আলীকে ধরে ফেলে এবং চড়-থাপ্পর দিয়ে তাড়িয়ে দেয়। এরই সূত্র ধরে ক্ষিপ্ত আকমল হোসেন ও আব্দুল ওয়াহেদ রোববার দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ১৫/১৬ জন ভাড়াটে লোক নিয়ে ছফির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী অজুবা বেগমকে মার ডাং করে ফ্লিমি স্টাইলে গোয়ালঘর হতে ৪টি গাভী ও বাড়ি সংলগ্ন জমি থেকে ৪টি গরু ধরে নিয়ে যায়। এ সময় বাড়িতে অজুবা বেগম ছাড়া বাকীরা কৃষি কাজের জন্য মাঠে ছিলেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/হৃ.আর