যশোরে যুবলীগের সভাপতি নিহত

সড়ক দুর্ঘটনায় যশোর-মাগুরা সড়কে যুবলীগের সভাপতি জাহিদ হাসান নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাতিজী নাওমী (১১)। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং যশোরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

নিহতের চাচাতো ভাই বাবুল হাসান বলেন, জাহিদের বাবা অসুস্থ অবস্থায় যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন। জাহিদ ও তার ভাতিজী অসুস্থ বাবাকে দেখে দুপুরে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। সেসময়েই এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার জাহিদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে জাহিদ ও নাওমী পড়ে যান। পরে প্রাইভেটকারের পেছনে থাকা একটি মাইক্রো তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জাহিদকে মৃত ঘোষণা করেন। আর নিহতের ভাতিজী নাওমীকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার পথেই জাহিদ হাসান মারা যান। নাওমীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর