হেফাজতে ইসলামের হরতালের তেমন কোনও প্রভাব পড়েনি উত্তরের জেলা কুড়িগ্রামে।
রবিবার (২৮ মার্চ) সকাল থেকে কুড়িগ্রামের ভোকেশনাল মোড়, বাসস্টান্ড, শাপলা চত্বর, ঘোষপাড়া, পশুর মোড়, সুজামের মোড়, ধরলা সেতু পূর্ব, চামড়ার গোলা, কালিবাড়ীসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে।
যান চলাচল করছে অন্যদিনের মতোই, ব্যবসা-প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খোলা রয়েছে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এবং জেলা শহরের উপজেলাগুলোতেও এরকম কোন খবর পাওয়া যায়নি। কুড়িগ্রামে এসব গুরুত্বপূর্ণ স্থানে মাঠে দেখা যাইনি হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীদের।

এদিকে সারাদেশের মতো কুড়িগ্রামেও হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে তারা।
কুড়িগ্রাম সদর থানার উপ পরিদর্শক (এসআই) প্রলয় বর্মন বলেন, ‘হরতালকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা চাই না কোনও ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হোক, রাস্তাঘাট কিংবা যান চলাচল কথাও বন্ধ থাকুক। মানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’
ট্রাক চালক আনোয়ার আলম বলেন, আমি এ পর্যন্ত সকাল থেকে ২ বার ট্রাক নিয়ে জেলার বাইরে গিয়েছি, কোন ধরণের সমস্যার সম্মুখিন হয়নি।
কালিবাড়ির দোকানদার রফিকুল মিয়া বলেন, আমি সকাল থেকে দোকানে ব্যবসা করছি, কোন ধরণের মিছিল আমার চোখে পড়েনি।
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ‘হরতালকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনও অপপ্রচার কেউ যেন চালাতে না পারে সে ব্যাপারে সাইবার মনিটরিং জোরদার রয়েছে। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি