সরকারি নির্দেশনা না মেনে পাঠদান, পরিক্ষার নামে হাতিয়ে নিচ্ছে টাকা

মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও জামালপুরের সরিষাবাড়ীর হেলেঞ্চাবাড়ীর মোনালিসা কিন্ডার গার্টেন এন্ড স্কুলের ৩ টি শাখায় সরকারি বিধিনিষেধ ও সরকারি নির্দেশনা না মেনে পাঠদান চালাচ্ছে।

এ স্কুলের শিশু শিক্ষার্থীদের সকাল ৭টা হতে ১০টা পর্যন্ত ক্লাস করানো হচ্ছে। কিছুদিন পর পর পরিক্ষার নামে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোনালিসা কিন্ডার গার্টেন এন্ড স্কুলের হেলেঞ্চাবাড়ী, মোটের পাড় বাঘমারা ও ছাতারিয়ার চুনিয়াপটল পূর্বপাড়া শাখায় অবাধে ক্লাস চালানো হচ্ছে। আর কিছুদিন পর পর পরিক্ষার নাম করে অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এসব শাখায় প্রথম শ্রেণি থেকে শুরু করে পঞ্ম শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের ক্লাস করানো হয়। এই কিন্ডারগার্টেনে পরিচালক আনোয়ার হোসেন, তার স্ত্রীসহ একাধীক শিক্ষক পৃথক শাখায় তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া কোন শিশু শিক্ষার্থীর মুখে ছিলো না মাস্ক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। আমি পরিক্ষার ফি ও গত তিন মাসের বেতন বাবদ মোট ২ হাজার ২২০ টাকা দিয়েছি।

আরও অভিভাবক বলেন, আমার ছেলে ১ম শ্রেণীতে পড়ে আমি পরিক্ষার ফি, তিন মাসের বেতনসহ মোট ১ হাজার ৭৬০ টাকা দিয়েছি।

৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার ছেলের পরিক্ষার ফি, তিন মাসের বেতনসহ ১ হাজার ৬৮০ টাকা দিয়েছি। না পড়িয়েও তারা আমাদের কাছ থেকে টাকা আদায় করছে।

এ বিষয়ে হেলেঞ্চাবাড়ীর মোনালিসা কিন্ডার গার্টেন এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, আমি টুকটাক স্কুল চালাই তো। সকাল ১০-১১টার সময় বাচ্চাদের ছেড়ে দেই। আর স্কুলের শিক্ষার্থীদের অনেক বকেয়া আছে। ফলে পরিক্ষা ও শিক্ষার্থীদের ক্লাস নিয়ে কিছু বেতন আদায়ের জন্য এটা করছি। তবে অন্য কোনো উদ্দেশ্য নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সরকারী আদেশ না মেনে ক্লাস বা পাঠদান চালালে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর