আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় আ.লীগ নেতা খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার তালঘড়ি ইউনিয়নের কুশখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় ওহিদ মোল্লা ওহেদ (৪৭) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। এ সময় সাবেক মেম্বর গোলাম সরোয়ারসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে তালঘড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বর সরোয়ার মোল্লা ও তার ভাই ওহিদ মোল্লাসহ সমর্থকরা পাশ্ববর্তী চতুরবাড়ীয়া বাজার মোটরসাইকেলযোগে নিজ গ্রাম কুশখালী ফিরছিলেন। পথিমধ্যে কুশখালী ব্রীজের উপর পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ মান্নান মেম্বরের একটি গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে এ সময় সাবেক মেম্বর সরোয়ার মোল্লা ও তার ভাই ওহিদ মোল্লাসহ তাদের সাথে থাকা ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওহেদ মোল্লাকে রাতেই মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার হামলা ও হত্যার জন্য গ্রাম্য প্রতিপক্ষ বর্তমান মেম্বর আওয়ামী লীগ নেতা মান্নান মিয়াকে দায়ী করছে। পুলিশ তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে। যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর