বগুড়ায় স্বাভাবিক রয়েছে যান চলাচল, মাঠে নেই হেফাজত

পুলিশের গুলিতে কর্মী নিহতের প্রতিবাদে হেফাজতের ডাকা হরতালে বগুড়ায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। রোববার দুপুর ১ টা পর্যন্ত হরতালের পক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের কোন কার্যক্রম চোখে পড়েনি।

তবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালের বিপক্ষে সাতমাথার দলীয় কার্যালয়,বিশ্বরোড সংলগ্ন বন্দর ও উপজেলা গুলোতে অবস্থান নিয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরোজমিনে দেখা যায়, সকাল থেকেই সাতমাথা, চারমাথা, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, মাটিডালি,মহাস্থান,মোকামতলাসহ জেলার গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কমূলক অবস্থান নিয়েছে পুলিশ। স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। এর পাশাপাশি র‍্যাব-১২ এর দুটি দল শহর এলাকায় গাড়ি ও মোটর বাইক যোগে টহল দিচ্ছে। যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি থামাতে সাতমাথায় জলকামান ও ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পুরো শহরের সব রকম মার্কেট ও দোকান খোলা রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবো।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর