মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জনের বেশি নিহত হয়েছেন। দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে এত মৃত্যু আর দেখা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
শনিবার (২৭ মার্চ) মিয়ানমার জুড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এদিন সশস্ত্র বাহিনী দিবস পালন করে দেশটির সেনাবাহিনী।
দিবসটিকে কেন্দ্র করে আগের দিন বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি উপেক্ষা করেই রাজপথে নামেন হাজার হাজার মানুষ। তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
এক প্রতিবেদনে এএপিপি বলছে, নিহতদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশেই তাদের গুলি করা হয়েছে বলে সন্দেহ জোরালো হচ্ছে। নিহতদের প্রায় ৯০ শতাংশই পুরুষ। আর ৩৬ শতাংশের বয়স ২৪ বছরের কম।
বার্তাবাজার/পি