হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্য দিয়ে ১৪ মাস পর আবারও হরতাল ফিরেছে দেশে। তবে এ হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল ৯টায় কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এদিকে হরতাল প্রতিরোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা যায়, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহন ও লোক সমাগম অনেকটাই কম। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নতুন বাজার এলাকাতেও অন্যান্য দিনের চেয়ে কম গাড়ি দেখা যাচ্ছে।
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি। এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো মিছিল মিটিং হয়নি।
প্রায় একই চিত্র পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও। সপ্তাহের প্রথম কার্যদিবস হিসেবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বার্তাবাজার/পি