বাজার থেকে ফেরার পথে আ’লীগ কর্মীকে হত্যা

মাগুরায় শালিখায় প্রতিপক্ষের হামলায় অহিদার মোল্লা (৫২) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শালিখার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের তাইজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি সাবেক ইউপি মেম্বার গোলাম সরোয়ারের ছোট ভাই। সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে অহিদার মোল্লা আরও কয়েকজনের সঙ্গে চতুরবাড়িয়া বাজার থেকে গ্রামের বাড়ি কুশখালীতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তালখড়ি ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার আব্দুল মান্নানের সমর্থকরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।

এতে আওয়ামী লীগ কর্মী অহিদার মোল্লাসহ আরও অন্তত ছয়জন গুরুতর জখম হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত ১০টার দিকে অহিদার মোল্লা মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর