টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ ৩ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের ছোট ভাইসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ।

শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বড়ডেইল এলাকার ডাকাত কামরুলের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ধৃতরা হলেন, নয়াপাড়া শালবন আনসার ক্যাম্প হামলায় অভিযুক্ত রোহিঙ্গা ডাকাত (নিহত) নুরুল আলমের ছোট ভাই কামাল সাদেক (২৪), তার সহযোগী ডাকাত কামরুল (৩৫) ও মো. আলী (২৬)। তারা মুছনী রোহিঙ্গা ক্যাম্পের হ্যাস ব্লক ও এ ব্লকের বাসিন্দা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বার্তা বাজারকে জানান, মাদকের চালান পাচারের খবরের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তিন জনকে ইয়াবা, অস্ত্র-কার্তুজসহ আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারী এবং ডাকাত দলের সদস্য। অপহরণসহ মুক্তিপণ আদায়ের মতো নানান অপরাধে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর