ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভের কারণে শনিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
এদিকে, রেলওয়ে স্টেশনে তান্ডব চালানোর ঘটনায় প্যানেল বোর্ড ক্ষতিগ্রস্থ হওয়াসহ যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। যে কারণে শনিবার থেকে ওই রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন থামছে না।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের একটি সূত্র জানায়, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি অবনতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যে কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নোয়াখালীগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি, আখাউড়া রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হবে বলে সূত্রটি জানিয়েছে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর