হেফাজতে ইসলামের নেতারা ঢাকায় এবং চট্টগ্রাম হামলার প্রতিবাদে রোববার সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হরতালে বাঁধা আসলে কোনো রকম বাঁধা আসলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা।
শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশে তো সারা বিশ্বের অনেক সরকার প্রধান এসেছেন। তাদের ভিতর তো কারো আগমনের কথা বলিনি। শুধু আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ দেশে আসার সফরটি বাতিলের আহ্বান জানিয়েছিলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে সারাদেশ শান্তিপূর্ণ বিক্ষোভে কর্মসূচিতে সারাদেশে বিশেষ করে বায়তুল মোকাররম, হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে আমাদের ৫ জন ভাইকে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীকাল (রোববার) এই হামলার প্রতিবাদে দেশব্যাপী হরতাল হবে। আমাদের আন্দোলনতো সরকারের বিরুদ্ধে না। তাহলে সরকার কেন বাধা দিচ্ছে। আমি দেশবাসীকে আগামীকালের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহবান জানাচ্ছি।
যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালনে আগামীকাল কোনো ধরনের বাঁধা না দেওয়া হয় সেজন্য বিশেষ করে এ বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, হরতালের আওতামুক্ত থাকবে সকল জরুরি সেবাগুলো। সরকার এবং সরকারি দলের প্রতি আমাদের বিশেষ আবেদন হচ্ছে, আমাদের হরতালের সরকার এবং সরকারি দলের হেলমেট বাহিনীকে রাজপথে দেখতে চাই না। আগামীকাল সরকার এবং সরকারদলীয় কোনো কর্মসূচি নেই। তাই সরকারের পক্ষ থেকে আমাদের শান্তিপূর্ণ হরতালে যাতে কোনো বাধা দেয়া না হয়। গতকাল এবং আজকে সরকার দলের লোকেরা যেভাবে বাধার সৃষ্টি করেছে, হামলা করেছে, এমন পরিস্থিতি যদি আগামীকাল হয় তাহলে আরো উত্তেজনা সৃষ্টি হতে পারে প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজত ইসলাম।
বার্তাবাজার/এ.আর