হরতালের নামে বিশৃঙ্খলা করলে গণধোলাই: যুবলীগ সেক্রেটারী

দেশের কোথাও হরতালের নামে বিশৃঙ্খলা করলে গণধোলাই দিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল।

শনিবার (২৭ মার্চ) রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজিনে প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নিখিল বলেন, রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি মহানগর, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। হরতালে তারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াতের লোকজন হরতালের নামে বিশৃঙ্খলা করলে তাদের যেখানে পাবেন, সেখানেই গণধোলাইয়ের মাধ্যমে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, একাত্তরে পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে জঙ্গি পরিবেশ কায়েম করতে চায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় স্বাধীনতার পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।

নিখিল আরও বলেন, হেফাজত ইসলামসহ যেসব রাজনৈতিক দল সমাবেশ করে উসকানি দিচ্ছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যখন দেশের মানুষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, তখন সাম্প্রদায়িক অপশক্তি আবার দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা শুরু করেছে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, রফিকুল আলম জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিকসহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতারা

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর