নান্দাইলে হেফাজতের সাথে আ’লীগের সংঘর্ষ, আহত-১০
ঢাকা ও চট্টগ্রামে নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হেফাজতে ইসলামের সমর্থকরা। শনিবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিলে আওয়ামী লীগ ও স্থানীয় লোকজনের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সাধারণ লোকজন ও হেফাজতের অন্তত ১০জন আহত হয়।
জানা গেছে, হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা শুক্রবার থেকে বিক্ষোভ মিছিল সফল করতে বারইগ্রাম মাদরাসাসহ এলাকার বিভিন্ন মাদরাসায় ব্যাপক প্রচার চালায়। পরে শনিবার সকাল থেকে বারুইগ্রাম এলাকায় জড়ো হতে থাকে। এক সময় তারা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চৌরাস্তা গোল চত্বরে প্রবেশ করে।
মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে বিভিন্ন শ্লোগানে উত্তেজনা ছড়ীয়ে পরে পুরো এলাকায়। এমন সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে বাঁধা দিলে বাকবিতকন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন ১০জন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ও হেফাজতের সমর্থক।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বার্তা বাজারকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বার্তাবাজার/হৃ.আর