রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় মাদ্রাসা ছাত্ররা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে কুতুবখালী এলাকায় লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছেন মাদ্রাসার ছাত্ররা। কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
শুক্রবার (২৬ মার্চ) বিকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেন শতাধিক মাদ্রাসা ছাত্র। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও র্যাবের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- মকবুল (৩৫),আবু বক্কর (২২), সাব্বির রহমান (২২), আবু তৈয়ব (২২), শাহিন (১৯), নুরুল্লাহ (২২) এবং মারধরে আহত যুবলীগ সদস্য মামুন (৩২) ও সজিব (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আসা ৮জনের ভিতর ৬জনের শরীরে শটগানের গুলি রয়েছে। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। তাদের সকলকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিকালে কুতুবখালী মাদ্রাসার সামনে যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রাখে মাদ্রাসার ছাত্ররা। খবর পেয়ে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর