রাজাকারের সন্তানকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে আয়োজিত অনুষ্ঠানে এক রাজাকারের সন্তানকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টায়েএ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধারা এ অনুষ্ঠান বর্জন করেছেন।

জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধীর সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার পরই অনুষ্টান বর্জন করেন উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

ডোমার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. নুরন নবী জানান, গত বিজয় দিবস আমরা প্রশাসনের অনুষ্টান (পতাকা উত্তোলন পর্ব) বর্জন করেছি। কারণ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা কোনো রাজাকার সন্তান উত্তোলন করুক, তা আমরা চাই না। আজকের অনুষ্ঠানেও ওই রাজাকার পুত্র পতাকা উত্তোলন করবেন মাইকে ঘোষণা হলে আমরা ওই পর্বটি বর্জন করেছি।

ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আমি ৩০ বছর এই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। দলে আমি পরীক্ষিত মানুষ। ২০১৯ সালে নির্বাচনে এই নুরন নবী আমার বিপরীতে নির্বাচন করেন এবং পরাজিত হন। এ কারণে একটি অপশক্তি আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

এ বিষয়ে ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, অধিকাংশ মুক্তিযোদ্ধা অনুষ্টান বর্জন করেছেন। কিছু মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে ছিলেন। এ বিষয়টি নিয়ে তারা গত মঙ্গলবার স্মরকলিপি দিয়েছেন। তবে নীতিমালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। সেজন্য আমরা সেই নিয়ম অনুসরন করেছি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর