রাজশাহীতে সড়ক দুর্ঘটনা: বেঁচে নেই ৪ পরিবারের কেউ
রাজশাহীর কাঁটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে রাজশাহী কাটাখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার সদরের দাড়িকাপাড়া গ্রামের স্বামী-স্ত্রী, পুত্র-কন্যাসহ ৪টি পরিবারের ১৫ জন এবং বাকি দু‘জনও একই এলাকার। উপজেলার সদরের দাড়িকাপাড়া গ্রামে এখন চলছে শোকের মাতম।
নিহতরা হলেন- দাড়িকাপাড়া গ্রামের আফছার আলীর পুত্র মোকলেছার রহমান (৪৮), তার স্ত্রী পারভীন (৪০) ও পুত্র পাভেল (১৭), দুরামিঠিপুর গ্রামের মজিবর রহমানের পুত্র শহিদুল ইসলাম (১০) চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসীন্দা বর্তমানে রামনাথপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে বসবাসরত সালাহউদ্দিন (৪২), সালাহউদ্দিনের স্ত্রী সামছুন্নাহার (৩২), বড় শ্যালিকা কামরুন্নহার (৩৮), ছেলে সাজিদ (১০) ও মেয়ে আফিয়া খাতুন সাফা (৩), একই ইউনিয়নের বড় মজিদপুর গ্রামের জোনাব আলীর ছেলে ফুল মিয়া(৩৫), স্ত্রী নাজমা খাতুন(৩০), ছেলে ফয়সাল (১৩), মেয়ে সুমাইয়া (৬), মেয়ে সাদিয়া (৩), উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে তাজুল করিম ভুট্টু (৫০), স্ত্রী মুক্তা বেগম (৪২) ও ছেলে ইয়ামীন (১৩)।
স্থানীয় সূত্র জানায়, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, এসব পরিবার শুক্রবার মাইক্রোবাসযোগে পিকনিকের উদ্দেশ্যে রাজশাহীতে যাবার সময় যাত্রীবাহী হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটলে মাইক্রোবাসে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে।
বার্তাবাজার/এ.আর