হঠাৎ চমেক হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ১৫-২০ জনের একটি দল ঢুকে ভাঙচুর চালান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।

তিনি বলেন, হাটহাজারীতে মোদি বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা জরুরি বিভাগে ভাঙচুর চালান।

জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত বলেন, হঠাৎ একদল যুবক এসে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা আমার মুখে আঘাত করেছে। জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে পালিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, একটি দল হঠাৎ এসে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় ও ভাঙচুর করেন। এ হামলার সময় জরুরি বিভাগের ওয়ার্ড সর্দার মো. এনায়েত আহত হন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর