স্বাধীনতার ৫০ বছরে অর্জনগুলো হিসাব করে কৃতজ্ঞতা ও আত্মোপলব্ধি দিয়ে নতুন করে দেশপ্রেমের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমাদ।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। আর এ অর্জনের প্রধান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সবার উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করলেই তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।
ইমরান আহমদ আরও বলেন, নতুন প্রজন্মকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে প্রতিটি পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে। যে জাতি তার সঠিক ইতিহাস জানে না তারা কখনও উন্নতি করতে পারে না।
আলোচনা সভায় প্রধান আলোচক ড. নাসরীন আহমাদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। কোনো ষড়যন্ত্রই একে বিচ্ছিন্ন করতে পারবে না। বঙ্গবন্ধু আজীবন বাংলার মানুষের জন্য শুধু ত্যাগই করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম