নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান। এরপর বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এসে শেষ হয়।
এসময় শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান।
এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, হল, বিভাগ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, সকাল সাড়ে এগারোটায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং মুক্তিযুদ্ধ কর্নার গুলোর জন্য বই প্রদান করেন উপাচার্য।
বার্তাবাজার/পি