সারা ঢাকা শহর একটা অঘোষিত কারফিউয়ের মত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে তিনি এই কথা বলেন।
ফখরুল বলেন, আজকের এই দিনে বাংলাদেশ তথা পুরো ঢাকা শহরের যে অবস্থা সেটা কারো কাছে প্রত্যাশিত নয়। সারা শহর একটা অঘোষিত কারফিউর মতো রয়েছে। জনগণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জনগণকে বাদ দিয়ে দিনটি সরকার আজ উদযাপন করছে।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য যে কমিটি ছিল সে কমিটির পক্ষ থেকে আমাদের অনেক কর্মসূচি ছিল। কিন্তু সেটা আমরা পালন করতে পারেনি। আমরা আজকে স্মৃতিসৌধেও যেতে পারিনি। করোনার কারণে আমাদের বাইরের যে কর্মসূচিগুলো ছিল ওইগুলো আমরা বাতিল করেছি।
তিনি আরও বলেন, করোনা অত্যন্ত আগ্রাসী ভূমিকা নিয়ে বাংলাদেশ আক্রমণ শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এ বিষয়ে সরকার একেবারে উদাসীন। কারণ তারা বিদেশী মেহমানদের নিয়ে ব্যস্ত। দেশের মানুষের কি হবে না হবে এ নিয়ে তাদের খুব বেশি আগ্রহ আমরা দেখছি না।
ফখরুল বলেন, এখানে উপস্থিত আমরা সবাই যুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের এই অবস্থা দেখতে হবে আমরা সেটা কল্পনাও করতে পারিনি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আহ্বান জানাতে চাই, এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অখ- রাখা, সুসংহত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে আত্মত্যাগ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
বার্তাবাজার/এসজে