ধোবাউড়ায় রাতের আঁধারে চলে ড্রেন নির্মাণের কাজ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর বাজারে ২য় পর্যায়ে প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ৩২০ মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
ড্রেনের মাটি কাটার কাজ শেষ হয়েছে ২মাস পূর্বে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করে বৃহস্পতিবার (২৫ শে মার্চ) রাতের আঁধারে করছিল ঢালাইয়ের কাজ।
অনুসন্ধানে জানা যায়, রাত ১০টায় অন্ধকারে চলছে ঢালাই এর কাজ। কিন্তু সেখানে নেই প্রকৌশল বিভাগের কোন তদারকি কর্মকর্তা, নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন প্রতিনিধি। অতি নিম্নমানের সুরকি দিয়ে সুরকি বালু ও সিমেন্টের অনুপাতের তোযাক্কা না করে রাজমিস্ত্রী নিজের খেযাল খুশিমত চালাচ্ছে ঢালাই এর কাজ। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান কে জানানো হয়।
পরে রাত ১১ টায় ঘটনাস্থলে আসেন উপজেলা প্রকৌশল অফিসের দায়িত্বপ্রাপ্ত কার্য সহকারি কর্মকর্তা মামুন। সুরকির গুনগত মান এবং ঢালাই এর অনুপাত সঠিক না থাকায় কাজ বন্ধ করে দেন এবং উপজেলা প্রকৌশলীকে মুঠো ফোনে জানান, “সুরকিতে প্রচুর ডাস্ট রয়েছে এবং প্রস্তুতকৃত ঢালাই মিশানো সঠিক নয়, যা দিয়ে ঢালাই সম্ভব নয়।
মামুন আরোও বলেন, আমি মিস্ত্রীকে রাতে ঢালাই করার জন্য নিষেধ করে বাসায় চলে যাওযার পর আমাকে না জানিয়ে ঢালাই কাজ শুরু করেছে। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান রাতে ঢালাই করার বিষয়টি আমার জানা ছিল না। ভবিষ্যতে এ রকম হলে ব্যবস্থা নেওয়া হবে।
এখন প্রশ্ন হলো প্রকৌশল অফিসের নিষেধ অমান্য করে ঠিকাদার নিজে উপস্থিত না থেকে মিস্ত্রীকে দিয়ে রাতের আঁধারে ঢালাই কাজ করানো, ঠিকাদারের এহেন আচরনের খুটির জোড় কোথায়?
আনিসুর রহমান/বার্তাবাজার/পি