বায়তুল মোকাররমের আশেপাশে বিপুল সংখ্যক র্যাব-পুলিশ মোতায়ন
আন্দোলন ও বিতর্কের মধ্য দিয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সফরকে কেন্দ্র করে দেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল থেকেই ওই এলাকায় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম এলাকায় জিজ্ঞাসাবাদ করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কাউকে সন্দেহ হলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে অবস্থান করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বৃহস্পতিবার (২৫ মার্চ) মতিঝিলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এতে অংশ নেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুপুর ১২টার পর তাকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বার্তাবাজার/এসজে