কুড়িগ্রামে কাল শুরু হচ্ছে ৩ দিনের পন্ডিত বইমেলা
কুড়িগ্রামের চিলমারীতে টানা ৩য় বারের মতো শুরু হতে যাচ্ছে পন্ডিত বইমেলা-২০২১। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে আয়োজক কমিটি।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়,আগামীকাল ২৭ মার্চ(শনিবার) সকাল ১০টায় উপজেলার থানাহাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
৩ দিনের এই পন্ডিত বইমেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা অব্দি থাকবে নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন গুনি লেখকদের নিয়ে থাকবে ৩ দিনের বিষয় ভিত্তিক আলোচনা।
আয়োজক কমিটি সুত্রে আরো জানা যায়, এবারের বই মেলায় শিক্ষা,সাংবাদিকতা ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য ১০ জনকে সম্মাননা স্মারক দেয়া হবে। করোনার কারণে থাকবে স্বল্প পরিসরে ১০টি বইয়ের স্টল। বন্দরনগরী চিলমারীতে টানা ৩য় বারের মতো এ আয়োজন করতে পেরে খুশি আয়োজক কমিটি।
পন্ডিত বইমেলার আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বলেন,”করোনার এই সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এবারের বই মেলার আয়োজন করেছি,এবং বইয়ের স্টলও এবছর সীমিত রাখা হয়েছে। ”
দেশের নামি-দামি প্রকাশনা প্রতিষ্ঠান ও স্থানীয় লেখকদের অংশগ্রহণে ২০১৯ সালের মার্চ মাসে শুরু হওয়া এই পন্ডিত বইমেলা ৩য় বারের মতো ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত কুড়িগ্রামের চিলমারীতে অনুষ্ঠিত হবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি