বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা ভয়েজ অব আমেরিকার অফিসিয়াল ফেসবুক পেইজে ২৬ মার্চের প্রথম প্রহরে বার্তাটি প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকানদের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির একটি উদাহরণ। দেশটি আশা ও সুযোগ সুবিধার একটি চমৎকার স্থান।
তিনি আরও বলেন, এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া বাংলাদেশ মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত। এই সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। জলবায়ু সংকট নিরসনে কাজ করতে বাংলাদেশর প্রতিশ্রুতির প্রশংসা করে যুক্তরাষ্ট্র এবং এতেও যুক্তরাষ্ট্র শরিক হবে।
বাইডেন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়গুলো এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আগামী ৫০ বছর এবং আরও ভবিষ্যতে আমি আপনাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্কের ভিত্তিতে কাজ করবো এই কামনা করি।বাংলাদেশের এই ঐতিহাসিক উদযাপন উপলক্ষে দেশটির সকল মানুষের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
বার্তাবাজার/এসজে