চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভবনে মশাল ও বিস্ফোরক তৈরির সংবাদের ভিত্তিতে নির্মার্মানাধীন একটি ভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কিছু মশাল ও একটি ব্যাগের সন্ধান পাওয়া গেছে। তবে ব্যাগে বিস্ফোরক থাকার সন্দেহে ভবনটি ঘিরে রেখেছে।
অভিযানকালে ভবনটি থেকে অন্তত ১০-১২জন পালিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমন বিরোধী পরিকল্পনার অংশ হিসেবে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানার ‘কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে’ অবস্থিত নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তি ভোলা জেলার মো. রাব্বি (২০) পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) রাজেশ বড়ুয়া ‘বার্তা বাজার’কে জানান, কালুরঘাট এলাকায় বসুধা বিল্ডার্সের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে বিস্ফোরক তৈরির সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝে ১০-১২ জন বিভিন্ন কৌশলে লাফিয়ে পালিয়ে যায়। তারা বিএনপির লোকজন বলে বিভিন্ন সূত্রে তথ্য জানা গেছে।
এসময় রাব্বি নামক এক যুবককে আটক করা হয়। সে ৬০০ টাকার বিনিময়ে কিছু মশাল বানিয়ে দেওয়ার জন্য ভবনে এসেছিলো বলে পুলিশকে জানিয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে প্রায় দেড়শ মশাল জব্দ করা হয়েছে। সাথে মুখ বাঁধা একটি ব্যাগ পাওয়া গেছে। সেখানে বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে এমন ধারণা থেকেই বোম্ব ডিজপোজাল ইউনিটকে আনা হয়েছে। প্রক্রিয়াগত কারণে রাতে বিস্ফোরক তল্লাশি করার নিয়ম না থাকায় ভবনটি পুলিশ ঘিরে রেখেছে। শুক্রবার সকালে ফের তল্লাশি করা হবে। আটক রাব্বিকে জিজ্ঞাসাবাদ চলছে।
বার্তাবাজার/এসজে