আজ বাংলাদেশের ৫০তম জন্মদিন

এক সাগর রক্তের বিনিময়ে আনা স্বাধীনতার আজ ৫০ বছর পুর্তি। ৫০তম জন্মদিনে পা দিল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যে দেশের জন্ম আজ তার বয়স ৫০।

এই দিনটি শুধুই একটি দিন নয়। কোটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দের ও গৌরবের। ইংরেজ শাসন থেকে মুক্ত হয়ে পাকিস্তানিদের শোষণ থেকে মুক্তি পেতে এই দিনটির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২৩ বছর। এই ২৩ বছর মানুষের সংগ্রাম ও রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে স্বপ্নের স্বাধীনতা।

জাতীয় জীবনের এ মহিমান্বিত সময়কে কালের রেখায় ধরে রাখতে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে চলছে ১০ দিনব্যাপী উৎসবের মহাযজ্ঞ। আজ এ আনন্দোৎসবের শেষ দিন। ঢাকাসহ সারা দেশের শহর-বন্দর জুড়ে এখন রঙিন আলোর ঝলকানি। সত্যিই এক অন্যরকম অনুভূতি নিয়ে জাতির সামনে এসেছে মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বিশেষ এ দিন দুটি শুধু বাংলাদেশের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়, বৈশ্বিক রূপ নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক বা সরকারপ্রধান বাংলাদেশ সফর করেছেন। আজ বাংলাদেশ সফরে আসছেন বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন শুরু হবে। সারা দেশেই থাকছে দিনব্যাপী নানা কর্মসূচি।

এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ। বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর