শাল্লায় স্বাধীনতার বিরোধীরাই হামলা করছে: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় স্বাধীনতার বিরোধীরাই হামলা করছে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা এদেশে আছে তারাই এ অপকর্ম করেছে। তারা সকলকেই আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত লোকজনের বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এই হামলা করেছে তারা কোন ধর্মের লোক না বলে আমি মনে করি। ধর্মের লেবাস পরে তারা এই অপকর্ম করেছে। সব ধর্মেই বলা আছে কেউ কারো ক্ষতি না করার কথা। এই জঘন্যতম ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমরা এদেরকে ঘৃনা করি।
পরে স্থানীয় নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন করেন। এসময় ১৫০ পরিবারকে ৩০ কেজি করে চাল ও ৯০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।
অন্যান্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এ.আর